সিলেটের দর্শনীয় স্থান: ঘুরে আসুন এই জায়গা গুলোতে – বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট বিভাগ এবং সিলেট জেলা। তার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি দৃশ্যপট, চা-বাগান ও ঐতিহাসিক স্থাপনার জন্য বিখ্যাত। সিলেট শুধু একটি জেলা নয়, এটি ট্রাভেলারদের জন্য একটি ফেমাস জায়গা। প্রতিবছর দেশি-বিদেশি বহু পর্যটক সিলেটের অপরূপ দৃশ্যাবলি উপভোগ করতে ছুটে আসেন এই জেলায়। চলুন, একনজরে দেখে নেওয়া যাক সিলেটের দর্শনীয় জায়গা গুলো-
১. জাফলং: পাথর আর পাহাড়ের মনোরম দৃশ্য
সিলেট শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে জাফলং অবস্থিত। খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত এই স্থানটি মূলত পিয়াইন নদী, পাথর উত্তোলন এবং খাসিয়া আদিবাসীদের জীবনধারার জন্য পরিচিত। এখানে নদীর স্বচ্ছ পানি, পাহাড়ের গা বেয়ে নামা ঝর্ণাধারা এবং চারপাশের সবুজ বনাঞ্চল মিলে তৈরি হয়েছে এক মনোরম পরিবেশ। জাফলংয়ে বেড়াতে গেলে নৌকাভ্রমণ ও পাথর সংগ্রহের দৃশ্য দর্শনার্থীদের মন কাড়ে।
বাংলাদেশে যে চার ধরনের কঠিন শিলা পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হলো ভোলাগঞ্জ ও জাফলং অঞ্চলে বিদ্যমান পাথরের নুড়ি। প্রাকৃতিক ভাবে নদীর প্রবাহে গড়ে ওঠা এই নুড়িগুলো কেবল প্রাকৃতিক সম্পদই নয়, বাংলাদেশের ভূতাত্ত্বিক বৈচিত্র্যের এক জীবন্ত সাক্ষ্য। ঐতিহাসিকদের মতে, হাজার হাজার বছর ধরে জাফলং ছিল খাসিয়া-জৈন্তা রাজার শাসনাধীন এক নির্জন বনভূমি—যেখানে প্রকৃতি আপন ছন্দে বিরাজ করত, মানুষ ছিল হাতেগোনা। ১৯৫৪ সালে জমিদারি প্রথার বিলুপ্তির পর খাসিয়া-জৈন্তা রাজ্যেরও আনুষ্ঠানিক অবসান ঘটে। এরপরে দীর্ঘ সময় ধরে জাফলংয়ের বিস্তৃত অঞ্চল পড়েছিল অব্যবহৃত ও অনুন্নত অবস্থায়। তবে কালের পরিক্রমায় এই অঞ্চল পরিণত হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পর্যটন ও খনিজ উৎসে, যা আজও বহন করে তার অতীতের নিঃশব্দ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি।
২. বিছানাকান্দি: প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি
বিছানাকান্দি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। এটি মূলত পাহাড়, ঝর্ণা ও পাথরে ঘেরা একটি জলধারা, যেখানে ভারতীয় সীমান্ত ঘেঁষে নেমে আসে পাহাড়ি পানি। বর্ষাকালে বিছানাকান্দি হয়ে ওঠে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয়। পরিষ্কার পানির নিচে পাথরের সারি যেন এক বিছানার মতো সাজানো—এই কারণে স্থানটির নাম হয়েছে বিছানাকান্দি।
৩. রাতারগুল সোয়াম্প ফরেস্ট: জলবনের রহস্য
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক জলাবন ‘রাতারগুল সোয়াম্প ফরেস্ট’ সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। বর্ষাকালে বনটি পানিতে তলিয়ে যায় এবং তখন নৌকায় করে বনের ভিতর দিয়ে ঘুরে বেড়ানো যায়। রাতারগুলে ঢুকে মনে হবে যেন আপনি আমাজনের কোনো গহীন বনে প্রবেশ করেছেন। এখানে কেওড়া, হিজলসহ নানা জলজ বৃক্ষ রয়েছে, যা বনটিকে করেছে আরও রহস্যময়।
৪. মালনীছড়া চা বাগান: সবুজের রাজ্যে
সিলেটের চা শিল্প বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। মালনীছড়া চা বাগান বাংলাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান হিসেবে পরিচিত। এই বাগান ১৮৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানকার সবুজ টিলা, সুউচ্চ বৃক্ষ ও মনোরম পরিবেশ পর্যটকদেরকে মুগ্ধ করে। ঘুরতে ঘুরতে চায়ের চাষ পদ্ধতি সম্পর্কে জানা যায় এবং চাইলে স্থানীয় দোকান থেকে টাটকা চা পাতা কেনাও যায়।
৫. হযরত শাহজালাল (র.) মাজার
সিলেট শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হযরত শাহজালাল (র.) এর মাজার সিলেটের অন্যতম প্রধান ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। ১৩০৩ সালে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি এই অঞ্চলে আগমন করেন। তার পবিত্র মাজারে প্রতিদিন অসংখ্য ভক্ত ও পর্যটক আসেন। মাজার প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশ ও ধর্মীয় আবহ সৃষ্টি করে এক ভিন্ন অনুভূতি।
স্থান
সিলেট শহর থেকে ৮ কিলোমিটার পূর্বে সিলেট তামাবিল সড়ক থেকে ৩ কিলোমিটার ভিতরে সুউচ্চ ও মনোরম টীলায় অবস্থিত হযরত শাহ্পরাণ (র.) এর মসজিদ ও দরগাহ্।
যাতায়াত- কিভাবে যাওয়া যায়
সিলেট রেল স্টেশন অথবা কদমতলী বাস। সেখান থেকে রিকশা ভাড়া ২০-২৫ টাকা, সিএনজি ভাড়া ৮০-১০০ টাকা।
৬. হযরত শাহ পরাণ (র.) মাজার
শাহজালাল (র.) এর ভ্রাতুষ্পুত্র শাহ পরাণ (র.) এর মাজারও সিলেট শহরে অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত। এখানে একটি পুরনো মসজিদ এবং বিশাল আকারের দীঘি রয়েছে যা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় টিলার উপর একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে শাহ পরাণের কবর। মাজার টিলায় উঠা নামার জন্য উক্ত মাজার প্রাঙ্গনে উত্তর ও দক্ষিণ হয়ে সিঁড়ি আছে।
৭. লালা খাল
লালা খাল সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি বিস্ময়কর স্থান, যেখানে নদীর পানি পুরোপুরি নীল। এই পানি মূলত পাহাড় থেকে নেমে আসে। নৌকায় ভ্রমণ করে পুরো এলাকা ঘুরে দেখা যায়। এখানকার শান্ত পরিবেশ, পাখির ডাক ও নদীর নীল জল পর্যটকদের মনে প্রশান্তি এনে দেয়।
৮. মাধবকুণ্ড জলপ্রপাত
সিলেট বিভাগের মৌলভীবাজারে অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের অন্যতম বৃহৎ জলপ্রপাত। পাহাড়ি পরিবেশ, সবুজ বন এবং ঝর্ণার শব্দ মিলে এক অসাধারণ অভিজ্ঞতা তৈরি করে। ট্রেকিং প্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান।
আরে কিছু জনপ্রিয় পর্যটণ স্পট আছে সেগুলো নিম্নে দেওয়া হলো:
জিতু মিয়ার বাড়ি
সিলেটের অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় স্থান হিসেবে পরিচিত জিতু মিয়ার বাড়ি, যা এক সময় ছিল খ্যাতনামা জমিদার খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া, যিনি ‘জিতু মিয়া’ নামেই অধিক পরিচিত, তার আবাসস্থল। স্থাপত্যশৈলী ও রাজকীয় সৌন্দর্যের নিদর্শন হিসেবে এই বাড়িটি আজও সিলেটবাসীর গর্ব এবং পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
ক্বীন ব্রীজ
সিলেট শহরের বুকে প্রবাহিত সুরমা নদীর উপর দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ক্বীন ব্রিজ শুধু একটি লৌহ নির্মিত সেতুই নয়, এটি সিলেটের ইতিহাস, সংস্কৃতি ও নগর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ব্রিটিশ শাসনামলে নির্মিত এই সেতুটি আজও টিকে আছে তার দৃঢ়তা ও ঐতিহ্য নিয়ে, যা শহরের সঙ্গে অতীতের এক সরাসরি সংযোগ তৈরি করে।
সুখাইড় জমিদার বাড়ি
বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হাওরাঞ্চলের গভীরে অবস্থিত সুখাইড় জমিদার বাড়ি এক নিঃশব্দ ইতিহাসের ধারক। প্রায় চার শতাব্দী পূর্বে নির্মিত এই স্থাপত্যটি শুধুমাত্র একটি বাসভবন নয়, বরং হাওর অঞ্চলের জমিদারি সংস্কৃতি, শিল্পরুচি এবং রাজকীয় গৌরবের এক জ্যান্ত দলিল। সিলেটের দর্শনীয় স্থান



