বিনামূল্যে আড়াই হাজারের বেশি অস্ত্রোপচার, অধ্যাপক পদে পদোন্নতি ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর
অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে আড়াই হাজারের বেশি অস্ত্রোপচার করে চিকিৎসাসেবায় বিশেষ অবদান রাখা ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। স্বাস্থ্য সেবা বিভাগের ১০ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে তাঁকে অর্থোপেডিক সার্জারি বিষয়ে অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁর অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির কার্যকর তারিখ ১৫ ডিসেম্বর ২০২১। বর্তমানে তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ কর্মরত রয়েছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত আছেন।
দীর্ঘদিন ধরে জটিল অর্থোপেডিক রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি অসচ্ছল ও দরিদ্র রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করে আসছেন ডা. আমান উল্লাহ। তাঁর উদ্যোগে আড়াই হাজারের বেশি রোগী বিনামূল্যে অস্ত্রোপচারের সুযোগ পেয়েছেন বলে জানা গেছে।
চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে তাঁর এই কার্যক্রম প্রশংসিত হয়েছে। অধ্যাপক পদে পদোন্নতির মাধ্যমে তাঁর চিকিৎসা ও একাডেমিক কর্মজীবনে নতুন দায়িত্বের পরিধি আরও বিস্তৃত হলো।


