৭ দিন গুমের শিকার, ৩০৭ দিন জেল এবং ১৫ বার মারাত্মক আহত, তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে আরিফুল ইসলাম মোল্লা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্তির পর নতুন সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের রাজপথে অদম্য সাহস, বারবার গুলিবিদ্ধ ও মারাত্মক রক্তাক্ত হওয়া, ৭ দিন গুম থাকা এবং দীর্ঘ কারাবাস ভোগ করা ত্যাগী ছাত্রনেতা আরিফুল ইসলাম মোল্লা এবার তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে অবস্থান করছেন।
রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ও দীর্ঘ সাংগঠনিক যাত্রা:
আরিফুল ইসলাম মোল্লা ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে ২০০৯ সালে তিতুমীর কলেজে ভর্তি হয়ে দীর্ঘ সময় ধরে রাজপথের প্রতিটি আন্দোলনে অগ্রভাগে থেকেছেন। তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ১নং সহ-সভাপতি এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পূর্বে তিনি সরকারি নাজিমউদ্দিন কলেজের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রক্তক্ষয়ী সংগ্রাম, গুম ও কারানির্যাতন:
স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতিটি হরতাল-অবরোধ ও বিক্ষোভ মিছিলে তিনি সামনের সারিতে ছিলেন। পিকেটিং চলাকালে তিনি পায়ে গুলিবিদ্ধ হন এবং হাত ভাঙাসহ অন্তত ১৫ বার মারাত্মকভাবে আহত হন। ২০১৪ সালে তিতুমীর কলেজের আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাস থেকে এবং ২০১৮ সালে হাইকোর্টের সামনে থেকে পুলিশ তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে। ২০২৩ সালের ১০ নভেম্বর প্রোগাম শেষে গুলশান বারিধারা এলাকা থেকে তাঁকে ডিবি/সিটিটিসি তুলে নিয়ে যায় এবং দীর্ঘ ৭ দিন গুম করে রাখা হয়। আন্দোলন দমনে তাঁর বিরুদ্ধে ৮টি রাজনৈতিক মামলা দেওয়া হয়, ৩ বার গ্রেপ্তার হয়ে তিনি সর্বমোট ৩০৭ দিন অন্ধ প্রকোষ্ঠে কারাদণ্ড ভোগ করেন।
পারিবারিক ঐতিহ্য:
আরিফুল ইসলাম মোল্লার পরিবার দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত। তাঁর বড় চাচা মৃত আব্দুল জব্বার মোল্লা কালকিনি থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এবং তাঁর বড় ভাই মরহুম আমিনুল ইসলাম রানা মোল্লা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক প্রচার ও সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তৃণমূল নেতাকর্মীদের মতামত:
তিতুমীর কলেজের মাঠপর্যায়ের কর্মী ও সমর্থকদের মতে, আরিফুল ইসলাম মোল্লা রাজপথের রক্তক্ষয়ী অগ্নিপরীক্ষায় বারবার উত্তীর্ণ একজন লড়াকু সৈনিক। বারবার গুলি ও বর্বরোচিত শারীরিক নির্যাতন সহ্য করেও যিনি ছাত্রদলের পতাকা শক্ত হাতে ধরে রেখেছেন, সেই সাহসী ও ত্যাগের প্রতীকে পরিণত হওয়া আরিফুল ইসলাম মোল্লাকেই তিতুমীর কলেজ ছাত্রদলের আগামী সভাপতি দেখতে চান সাধারণ শিক্ষার্থীরা।



